প্রিন্ট এর তারিখঃ Sep 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 1, 2026 ইং
রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে সমন্বিত উদ্যোগের ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর

রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে সমন্বিত উদ্যোগের ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি।
আমির ছাদেকী, জেলা প্রতিনিধি (বান্দরবান): কক্সবাজার জেলাকে মাদক, সীমান্ত অপরাধ ও চোরাচালানমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি।
গতকাল সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়সংক্রান্ত সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্রের কল্যাণের স্বার্থে কারও সঙ্গে কোনো আপস করা হবে না। পাহাড়ের মানুষের মঙ্গলের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যেতে চাই। শুধু ঢাকায় বসে ফাইলে সই, নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই। মাঠে শারীরিকভাবে উপস্থিত থেকে পরিস্থিতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চাই।
তিনি বলেন, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে। জাতীয় নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় সীমান্ত অপরাধ ও চোরাচালান বন্ধ, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার, অপহরণ ও মানব পাচার প্রতিরোধ, সারের পাচার রোধ ও সুষম বণ্টন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
রোহিঙ্গা সংকট ও কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, টেকসই সমাধানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজারের স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সমন্বয়ে নিয়মিত যৌথ টহল এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পল্লী বিদ্যুৎসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪